সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এ বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়ার শামিল এবং মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে। এ ঘটনায় আইজিপিকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি এ দাবি জানায়। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানার সই করা বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের নতুন পথ তৈরি করতে পারে।
এর আগে সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার অনুমতি দিলে পুলিশ তা করবে।
এ বক্তব্যের সমালোচনা করে এনসিপি বলেছে, সরকারের অনুমোদন বা সম্মতির অজুহাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। দলটির মতে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতে ক্রসফায়ারের প্রসঙ্গ সামনে আনা পুলিশের প্রাতিষ্ঠানিক দুর্বলতারই প্রকাশ।
বিবৃতিতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে এনসিপি অভিযোগ করে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতির সঙ্গে আইজিপির বক্তব্য সাংঘর্ষিক। দলটির দাবি, এমন বক্তব্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের প্রসঙ্গ টেনে এনসিপি বলেছে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য দেওয়া উদ্বেগজনক। তাদের মতে, প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে ক্রসফায়ারের ভয় দেখানো কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের কোনো বেআইনি নির্দেশ পালন করতে পুলিশ বাধ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশ বাহিনীকে বেআইনি চর্চা থেকে বের করে এনে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা জরুরি।
এনসিপি বর্তমান আইজিপিকে অবিলম্বে অপসারণের পাশাপাশি জুলাই সনদের আলোকে দ্রুত একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি জানিয়েছে।
